ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মাওলানা জালাল উদ্দিন রুমি (রহ.)-এর মসনবি শরিফ

ধর্মীয় অনৈক্য সৃষ্টির ইহুদি ষড়যন্ত্রজাল

ড. মুহাম্মদ ঈসা শাহেদী
ধর্মীয় অনৈক্য সৃষ্টির ইহুদি ষড়যন্ত্রজাল

এখানে এসে মাওলানা মানুষের স্থ্থূলদৃষ্টি ও দিব্যদৃষ্টির মাঝে পার্থক্য বর্ণনা করে বলতে চান যে, আল্লাহর প্রতি নিবেদিতপ্রাণ সকল যুগে সব সময়ই বিদ্যমান। কিন্তু সবার কাছে তারা দৃশ্যমান নন। কেননা, সবার মধ্যে দিব্যদৃষ্টি নেই, যা দিয়ে বাতেনি বিষয় দেখা যায়। উদাহরণ হিসেবে তিনি লাইলি ও খলিফার কথা উল্লেখ করেছেন। খলিফা লাইলির সৌন্দর্য দেখতে পাননি। কারণ লাইলির রূপ-সৌন্দর্য দেখতে হলে মজনুর চোখ দরকার। খলিফা সেই চোখ ও দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত। এরপর মাওলানা তার নিজস্ব ভঙ্গিতে জাগ্রত অবস্থা ও ঘুমের রহস্য ব্যাখ্যা করেন। তিনি অপরিপক্ব লোকদের ঘুমিয়ে থাকা লোকদের সাথে তুলনা করেন। কারণ, তারা কতক বাজে আশা-আকাঙ্ক্ষার পেছনে ছুটে চলেছে এবং প্রকৃত সুখ ও প্রশান্তির ব্যাপারে উদাসীন-বেখবর। বিষয়টি পরিষ্কার করার জন্য তিনি কতক সরস উপমার অবতারণা করেন। দুর্বল লোকদের ঘুমের ঘোরে স্বপ্নদোষ ও স্বপ্নের ভুবনে অবাস্তব কল্পনা বিলাসের পর অনুশোচনার করুণ চিত্র অংকন করে বলেন, প্রত্যেক হুঁশিয়ার মানুষের অন্তর অতিন্দ্রীয় অনুভূতির দুর্বলতায় ক্রন্দন করে। এরপর তিনি মানুষের প্রকৃত মুক্তি ও সাফল্যের পথনির্দেশ করেন। মাওলানার মতে এই পথ হলো, কোনো মর্দে খোদা, আল্লাহওয়ালার শরণ নেওয়া। কেননা, এমন লোকই তাকে চিন্তা ও কল্পনার ভুলভ্রান্তি থেকে রক্ষা করতে পারে। মাওলানার মতে সেই পুরুষ হলেন শামসে তাবরিজি ও হুসসামউদ্দীন চালাবি। কিন্তু হিংসা ও বিদ্বেষ তাদের (মুরব্বি হিসেবে) চেনার এবং বরণ করে নেওয়ার সুযোগ দেয়নি। এ পর্যায়ে মাওলানা হিংসা-বিদ্বেষের অপকারিতা সম্পর্কে কয়েকটি সূক্ষ্ম বিষয় উল্লেখ করেন। হিংসা-বিদ্বেষে কলুষিত মনের আকাশে তিনি আবার আলোর ঝলকানি দেখিয়ে দেন, আশার দরজা উন্মুক্ত করেন। কেননা, অন্তর হচ্ছে আল্লাহর তাজাল্লির প্রকাশভূমি। আল্লাহর তাজাল্লির আলোক অবশ্যই মনের কালিমা দূর করে।

ভণ্ডমন্ত্রীও ছিল হিংসা-বিদ্বেষে কলুষিত পাপাসক্ত। তবে তাকে সে হিংসার খেসারত দিতে হয়েছে। তার নাক-কান কাটা গেছে; চেহারা বিকৃত হয়েছে। মাওলানা এ সত্যটি তুলে ধরেছেন যে, আসলে মন্ত্রীর নাক তার সৃষ্টির আসল বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছিল। কারণ নাক হলো গন্ধ নেওয়ার শক্তিকেন্দ্র। অথচ মন্ত্রী সত্যের কোনো সুগন্ধি পায়নি। কাজেই বলা যায়, আসলেই তার কোনো নাসিকা ছিল না। তার যা ছিল এবং যা হারিয়ে ফেলেছে তা একটি বিকৃত নাক।

মন্ত্রী ওয়াজ করছিল, উপদেশ খয়রাত করছিল। অজ্ঞ মূর্খ লোকেরা তার কথায় বিগলিত হচ্ছিল। কিন্তু যারা আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিল, তাদের মাঝে সাজানো বাক্য-বিন্যাস, কথার ফুলঝুরি কোনো প্রভাব ফেলতে পারেনি। তারা এসব রং মেশানো কথাবার্তাকে অন্তরে কালিমা সৃষ্টির সহায়ক মনে করেন এবং প্রত্যাখ্যান করেন।

মন্ত্রী এ অবস্থায় দীর্ঘ ছয়টি বছর কাটিয়ে দেয়। একদিকে অজ্ঞ মূর্খ ভক্তরা মুক্তির প্রত্যাশায় তার ভক্ত আশেক হয়ে রইল, অন্যদিকে বাদশাহর সঙ্গে তার গোপন চক্রান্ত চলছিল খ্রিষ্টানদের সমূলে উৎখাত করার লক্ষে। পরিশেষে মন্ত্রী খ্রিষ্টানদের বারটি সম্প্রদায়ের জন্য ভিন্নভিন্ন খিলাফতনামা রচনা করে। প্রত্যেকটির বিষয়বস্তু অন্যটির চাইতে আলাদা। মওলানা খিলাফতনামার বিষয়বস্তু কী ছিল, তার বর্ণনা দিয়েছেন। একটার সাথে অন্যটার পার্থক্যের বিবরণও নির্দেশ করেছেন। খ্রিষ্টানদের মূল ধর্মপ্রচারকের সংখ্যা ছিল হজরত ইসা (আ)-এর ১২ জন শিষ্য। তাদের সূত্রেই খ্রিষ্টানদের ১২ সম্প্রদায়ের উৎপত্তি। এই উপদেশনামা বা খিলাফতনামাও সেই আদলের। মসনবিতে মাওলানা রুমি যে বর্ণনা দিয়েছেন তাতে ১৬টি খিলাফতনামার তথ্য ফুটে ওঠে। কিন্তু তিনি স্পষ্ট বলছেন, মোট ১২টি ভিন্ন ভিন্ন উপদেশনামা মন্ত্রী প্রদান করে।

দৃশ্যত পারস্পরিক ভিন্নতা ও মতপার্থক্য বুঝানোই মওলানার উদ্দেশ্য, সংখ্যা উদ্দেশ্য নয়। আবার এই ভিন্নতা ও মতপার্থক্যের বর্ণনার সাথে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় মতপার্থক্যের হয়তো পুরোপুরি মিল নেই। তবে কোন কোন বিষয়ে মতবিরোধ তা বড় কথা নয়; বরং স্বার্থান্বেষী বক-ধার্মিকরা কীভাবে প্রতারণার জাল বিস্তার করে, সেটিই মূল প্রতিপাদ্য।

মাওলানা রুমি (রহ.) এরপর বলিষ্ঠ ভাষায় বলছেন, খ্রিস্টান ধর্ম এবং ঈসা (আ)-এর অনুসৃত পথ একটি; কিন্তু নানা উপদলের ধর্মীয় নেতারা সংকীর্ণতা আর গোঁড়ামির কারণে অনৈক্যের সৃষ্টি করেছে। এসব ধর্মীয় নেতা ইসা (আ.) ও অন্যান্য পয়গাম্বরদের মাঝে বিদ্যমান একাত্মতার কোনো সুগন্ধ পায়নি। মাওলানার দৃষ্টিতে মনের একাত্মতা প্রেম-ভালবাসার জন্ম দেয়, সংকীর্ণতা ও বিরোধ পরিহার করতে অনুপ্রেরণা যোগায়। এ পর্যায়ে তিনি বিভিন্ন মনোজ্ঞ উপমার অবতারণা করেন।

মাওলানা এখানে মাছের উদাহরণ এনে পানি ও মাছের মধ্যকার সম্পর্ক বর্ণনা করেন। অবশ্য এসব উপমা-উদাহরণ মাওলানার তত্ত্বকথার বিশালতা ব্যক্ত করতে অক্ষম। কারণ, আল্লাহর রহমতের বিশালতা অন্তহীন। মাওলানা পানি, সূর্য ও পৃথিবীতে আল্লাহর রহমতের ফয়েজ বর্ষিত হওয়ার কথা বিভিন্ন উপমায়-উৎপ্রেক্ষায় তুলে ধরেন। এরপর অনুভবনীয় ও অদৃশ্য জগতে আল্লাহর কুদরতের নিদর্শন এবং হজরত মুসা, ইসা ও মুহাম্মদ মুস্তফা (সা.)-এর মুজিযার মধ্যে তার প্রতিফলনের বিবরণ পেশ করেন। মানুষের অন্তরাত্মায় আল্লাহর হস্তক্ষেপ এবং চিন্তা-চেতনাকে ওলট-পালট করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আল্লাহ্র সামনে আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো উপায় মানুষের নেই।

এ পর্যায়ে তিনি ঐসব নিকৃষ্ট মানসিকতার সমালোচনা করেন, যেগুলো আল্লাহ ভিন্ন অন্য কিছুর সঙ্গে যুক্ত হয়ে তুষ্টি লাভ করে। ঘৃণ্য তুচ্ছ কাজে যাদের মন আকৃষ্ট হয় তাদের উদ্দেশে মাওলানা গুরুত্বপূর্ণ কয়েকটি উপদেশ পেশ করেন। নিকৃষ্ট কার্যাবলি ও অপছন্দীয় চরিত্রের ফলে মানুষের বাতেন বা অন্তর্জগত যে ধ্বংস হয়ে যায়, যুক্তি সহকারে তা বুঝিয়ে বলেন। এ ক্ষেত্রে গুমরাহীর উপকরণগুলোকে হিদায়াতের উপাদানে রূপান্তরিত করতে আল্লাহ্র শাসনের কথা ব্যক্ত করেন। তাতে পরিষ্কার হয়ে যায়, মিথ্যুকরা মানুষকে গুমরাহ করার জন্য যত মিথ্যাই রচনা করুক, আল্লাহ্র তাওফীক ও সামর্থ্যের সাথে তা পাল্লা দিতে পারে না; বরং সত্য অবশ্যই প্রকাশিত হয়। মন্ত্রী এবার নির্জনবাসে চলে যায়। মুরীদদের আস্তানায় প্রবেশের অনুমতি প্রত্যাহার করে। মুরিদরা তখন কান্নাকাটি শুরু করে। মন্ত্রীর উপদেশ-নসীহত শোনার জন্য তারা হা-হুতাশ করতে থাকে।

মন্ত্রী তাদের তিরস্কার করে বলেন, পুঁথিগত বিদ্যা, জ্ঞানচর্চা ত্যাগ কর। পঞ্চেন্দ্রিয়ের পথগুলো বন্ধ করে দাও। আত্মিক সফরের জন্য তৈরি হও। কারণ আত্মিক সফর সাগরে সাঁতার কাটার মতো। তাতে সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বাহ্যিক সফর জ্ঞানচর্চা ইত্যাদি, স্থলভাগে ভ্রমণ করার মতো, এগুলো ত্যাগ কর। মুরিদরা কেঁদে কেঁদে বলে, হুজুর, আমরা তো এখনো এমন সফরের জন্য তৈরি হতে পারিনি। পীরের আশ্রয় ছাড়া আমরা একপাও অগ্রসর হতে পারব না। বাতেনি (গোপনীয়) সফর কেবল তাদের দ্বারাই সম্ভব, যারা যাহেরি (প্রকাশ্য) সফরে পূর্ণতায় উপনীত হয়েছে। আমরা তো সেই প্রথম স্তরেই আটকা পড়ে আছি। মুরিদদের এসব যুক্তিতর্কে মন্ত্রীপীর রাগান্বিত হয়। মুরিদদের কঠোর ভাষায় তিরস্কার করে বলে, তোমরা আসলে আমাকে বিশ্বাস করো না। এরপর মুরিদরা ফানা ও আত্মলীন হবার পথ ধরে অগ্রসর হয়।

এ পর্যায়ে মাওলানা শিশু ও ধাত্রী, সুর ও সুরকার, বংশী ও বংশীবাদক, পাহাড় ও শব্দের প্রতিধ্বনি, দাবা ও দাবাড়ু প্রভৃতি উপমার সাহায্যে কর্মের সঙ্গে ফানার ব্যাখ্যা দেন।

আধ্যাত্মিক সাধনার পথে ফানা ও নির্বাণের প্রসঙ্গ আসাতে মাওলানার ভাবান্তর ঘটে। তিনি স্রষ্টার মাঝে সৃষ্টির ফানা ও বিলীন হবার দর্শন ও তাৎপর্য ব্যাখ্যায় উৎসাহী হয়ে পড়েন। তিনি বিষয়টি এমনভাবে ব্যাখ্যা করেন, তা জাবরিয়াপন্থীদের ব্যাখ্যার কাছাকাছি চলে যায়। তাদের মতবাদ হচ্ছে আল্লাহ যা চান তাই হবে। কাজেই কাজ করার, ইবাদত-বন্দেগি করার দরকার নেই। মওলানা জাবরিয়াদের বাধ্যতা মতবাদ 'যেমনি নাচাও তেমনি নাচি' আর আল্লাহর কুদরতের প্রতিপত্তির মাঝে ভেদরেখা তৈরি করেন। কারণ আল্লাহর ইচ্ছায় সমর্পিত হওয়ার যে ফানা, তা আল্লাহ্তে নিবেদিত হওয়ারই স্বরূপ। আর জাবরিয়াদের মতবাদ মনগড়া, নিজেদের কুপ্রবৃত্তির পূজা ছাড়া অন্যকিছু নয়। এ সম্পর্কিত মওলানার ব্যাখা, যুক্তি ও উপস্থাপনা অত্যন্ত চমৎকার, মনমুগ্ধকর।

মন্ত্রীপীর যুক্তিতর্কে হেরে যায়। ফলে শাস্ত্রের দোহাই দেয়। বলে, ইসা বলেছেন, আমি যেন নির্জনবাস ত্যাগ না করি। মানুষের সঙ্গে কথাবার্তা না বলি। মুরিদান ও মন্ত্রী-পীরের মধ্যকার এ আলোচনা শেষ হয়ে যায়। কারণ স্পষ্ট শাস্ত্রীয় বিধান যেখানে পাওয়া যায়, সেখানে তো আকল, যুক্তি ও বুদ্ধি অকার্যকর, উচ্চবাচ্য করার সুযোগ নাই।

এরপর মন্ত্রী-পীর বিভিন্ন সম্প্রদায়ের আমির বা প্রধানদের পৃথক পৃথক সাক্ষাত দেয়। প্রত্যেককে তার একমাত্র খলিফা ও গদ্দিনশীন বলে তার জন্য বিশেষভাবে তৈরি খিলাফতনামাটি হস্তান্তর করে। বলে, আমার খিলাফত একমাত্র তোমাকেই দিলাম। কেউ তোমার বিরুদ্ধাচরণ করলে তাকে উৎখাত করবে। এভাবে প্রত্যেককে গোপনে অনুমতিপত্র দিয়ে ৪০ দিনের মাথায় সে আত্মহত্যা করে। তার মুরিদান শোকের সাগরে তলিয়ে যায়। শোকের রেশ কাটার পর তারা চিন্তায় পড়ে, মন্ত্রী-পীরের খলিফা কে হবেন?

এ পর্যায়ে এসে মওলানা আধ্যাত্মিক মুরব্বি ও পীরের প্রয়োজনীয়তার প্রসঙ্গ উপস্থাপন করেন। তিনি স্পষ্টতই বলতে চান, পয়গাম্বর, কামিল অলি ও আল্লাহ্র মাঝে পরম একাত্মতা বিদ্যমান। মাওলানা এখানে অলি-আল্লাহদের মাঝে বিদ্যমান বাহ্যিক তফাৎ আর অন্তরালে অভিন্নতা ও একাত্মতাকে চমৎকার উপমার সাহায্যে তুলে ধরেন। যেমন আমাদের প্রত্যেকের চোখ দুটি; কিন্তু দৃষ্টিশক্তি এক ও অভিন্ন। বাতি দেখতে ভিন্ন ভিন্ন অনেক হলেও সবগুলোর আলো একই। এই আলোই বাতির হাকিকত বা সত্য। এই আলোর জন্যই আমাদের বাতির দরকার। অনুরূপভাবে আঙুরের রস আর অন্যান্য ফলের রস-এর মাঝে কোনো তফাৎ নেই। যদিও আঙুরের দানার বা ভিন্ন ভিন্ন ফলের সংখ্যা অগুণতি। মূলত বাহ্যিক স্থূলদৃষ্টির কারণে বা অবস্থা দেখেই এই ভিন্নতা ও দ্বৈত্বের সৃষ্টি হয়। কাজেই আমাদের উচিত এই বাহ্যিক সূরত-আকৃতি অতিক্রম করা। তাহলেই এককত্বে উপনীত হওয়া সম্ভব। আল্লাহ্র অলিদের এককত্ব ও অভিন্নতার প্রসঙ্গটির পরিসমাপ্তিতে আসে জগতের মহাসত্য। অর্থাৎ এই জগতের পরম সত্যও এক, অভিন্ন। সূর্যের আলোর মতোই। যখন শহরের ওপর সূর্যের আলো পতিত হয় তখন বাড়ির ছাদে স্থাপিত নানা আকৃতির খাঁজযুক্ত কার্নিশের ছায়া পতিত হয় ভিন্ন ভিন্ন আকৃতিতে। অথচ সূর্যের আলো মূলে এক ও অভিন্ন। কাজেই কার্নিশগুলো ভেঙে দিতে হবে। সংখ্যা ও বহুত্বকে ধ্বংস ও বিলুপ্ত করে দিতে হবে। মাওলানা বলছেন, অস্তিত্ব জগতের যে আসল সত্তা তাও এক অভিন্ন। তার বাহ্যরূপ ভিন্ন ভিন্ন অগণিত। তাই দৃষ্টিকে নিবদ্ধ রাখতে হবে সেই মূল সত্তার দিকে, পরিবর্তনশীল বাহ্যরূপের দিকে নয়। বিশ্ব মানবতার একত্ব এবং সৃষ্টি জগতের সকল অণু-পরমাণুতে বিরাজমান অন্তর্গত একাত্মতার ব্যাখ্যা ও স্বরূপ বিশ্লেষণ করতে গেলে বিরুদ্ধবাদীরা আরও প্রতিবাদমুখর হয়ে উঠতে পারে, তাই এ বিষয়ে ব্যাখ্যা এখানেই ক্ষান্ত দিয়ে বলেন, পরবর্তী এক সময়ে আলোচনা হবে। এই ফাঁকে মওলানা সাধকদের কিছু অবকাশ দিতে চান। যাতে তারা সৃষ্টি জগতের রহস্য নিয়ে খানিকটা চিন্তা করতে পারে।

গল্পের এ পর্যায়ে খ্রিষ্টান সম্প্রদায়ের ১২ উপ-সম্প্রদায়ের প্রত্যেক সর্দার দাবি করে, আমিই খিলাফতের একমাত্র হকদার। ফলে সবার মধ্যে ব্যক্তিগত রেষারেষি-হানাহানি ছড়িয়ে পড়ে। অনেক লোক নিজ নিজ সর্দারের পক্ষপাতিত্বের কারণে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়। তবে যাদের প্রাণ কামালিয়াতপ্রাপ্ত ছিল তারা চিরন্তন জীবন লাভ করে।

এ বক্তব্যের দ্বারা মাওলানা এ সিদ্ধান্ত ব্যক্ত করেন, একমাত্র সেই প্রাণই চিরন্তনতা ও স্থায়িত্ব লাভ করে, যা জ্ঞান ও কর্মে সক্রিয় হয় এবং কামালিয়ত অর্জন করে। নফসের কামালিয়াত অর্জনের প্রধান পথ, আউলিয়ায়ে কিরামের সাথে যুক্ত হওয়া। অবশ্য যার তার ওপর আস্থা স্থাপন করা যায় না। এমন লোকের হাতে হাত দেয়া চাই, যার কথা ও কাজে বেলায়তের নূরের ঝলক দেখা যায়। মসনবির প্রথম গল্প বাদশাহ ও বাঁদীর প্রেম কাহিনীর উপসংহারেও মওলানা এ বক্তব্যটি তুলে ধরেন। এ গল্পের উপসংহারে মওলানা ঐসব লোকের প্রসঙ্গ উল্লেখ করেন, যারা হানাহানি রক্তপাত থেকে রক্ষা পেয়েছিল। কারণ, তারা ইঞ্জিল কিতাবে হজরত রাসুলে আকরমের নাম মুবারক ও গুণাবলি দেখে সেই মোবারক নামের প্রতি সম্মান প্রদর্শন করেছিল। তারই বরকতে মন্ত্রী-পীরের প্রতারণার জাল থেকে তারা রক্ষা পেয়েছিল এবং নামে মুহাম্মদ (সা.)-এর আশ্রয়ে নিরাপদে ছিল। মাওলানা বলছেন, হজরতের পবিত্র নাম যেমন বস্তুগত জীবন ও প্রাণের রক্ষাকবচ, তেমনি তাঁর বাতেনি হাকিকত দুনিয়া ও আখিরাতের কাণ্ডারী। আমাদের উচিত সেই হাকিকতের সঙ্গে নিজেদের যুক্ত করা।

এবার আমরা সরাসরি মাওলানা রুমি (রহ.)-এর ফারসি মূল গল্পে প্রবেশ করব। দেখব, আমাদের নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক জীবন এবং জগত ও জীবনের তত্ত্ব-রহস্য উদ্ঘাটনের জন্য কী পথনির্দেশ রয়েছে গল্পটির পরতে পরতে।

(ড. মুহাম্মদ ঈসা শাহেদী রচিত মসনবি শরিফের গল্প ১-৬ খণ্ড প্রকাশ করেছে, ছায়াপথ প্রকাশনী ৩১/১, পুরানা পল্টন, (শরীফ কমপ্লেক্স) লিফট-৪, ঢাকা-১০০০। ফোন ০১৭১১১১৫৮২৯। মসনবির গল্পভিত্তিক আলোচনা শুনতে ইউটিউবে ভিজিট করুন— CHAYAPATH PROKASHONI)

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত