অনলাইন সংস্করণ
১৪:৩০, ০৩ নভেম্বর, ২০২৬
ক্রিকেটের জগতে একসময় পাকিস্তানের হয়ে ঝড় তোলা বাঁহাতি পেসার মোহাম্মদ আমির এখন নতুন পরিচয়ে আলোচনায়। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে যুক্তরাজ্যের খেলোয়াড় হিসেবে নাম লেখানোর পরই শুরু হয় জল্পনা।
অনেকে ধারণা করেন, তিনি হয়তো আইপিএলেও একই পথে নাম নিবন্ধন করতে পারেন। কিন্তু আমির নিজেই সেই আলোচনা থামিয়ে দিয়েছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি স্পষ্ট করে লেখেন, ‘সবাইকে হাই, আইপিএল নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সত্য নয়। বিষয়টি স্পষ্ট করতে চেয়েছি।’
চলতি বছরের মে মাসে স্ত্রী নার্জিস খানের সূত্রে ব্রিটিশ নাগরিকত্ব পান আমির। এরপর ইংল্যান্ডের স্থানীয় খেলোয়াড় হিসেবে কাউন্টি ও দ্য হান্ড্রেডে সুযোগ পান। আগে বিদেশি ক্যাটাগরিতে দ্য হান্ড্রেডে দল না পেলেও পরে স্থানীয় হিসেবে খেলার সুযোগ মেলে।
তিনি বলেছিলেন, স্থানীয় খেলোয়াড় হিসেবে চুক্তি করার সময় অন্য দেশের হয়ে খেলা যাবে না, এমন শর্ত থাকে। তাই পাকিস্তানের হয়ে খেলার অধ্যায় এখন বন্ধ।
তিনি বলেন, ‘আমি এখন একজন ব্রিটিশ স্থানীয় খেলোয়াড়। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও দ্য হান্ড্রেডের মতো প্রতিযোগিতায় স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে হলে একটি নথিতে স্বাক্ষর করতে হয়। সেখানে উল্লেখ থাকে, স্থানীয় খেলোয়াড় হিসেবে অন্য কোনো দেশের হয়ে খেলা যাবে না। তাই পাকিস্তানের অধ্যায় এখন আমার জন্য শেষ।’
পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলেছেন আমির। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এখন ফ্র্যাঞ্চাইজি লিগেই তার মনোযোগ। এপিএল ড্রাফটে (দুবাইয়ে ৩ নভেম্বর) প্লাটিনাম ক্যাটাগরিতে যুক্তরাজ্যের নাগরিক হিসেবে তালিকাভুক্ত হন তিনি। পাকিস্তান উল্লেখ থাকে শুধু বসবাসের দেশ হিসেবে।
পাকিস্তানি নাগরিকদের আইপিএলে খেলার অনুমতি নেই। কিন্তু ব্রিটিশ পাসপোর্ট থাকলে সেই বাধা কাটিয়ে যাওয়া সম্ভব। এর আগে আজহার মাহমুদ একইভাবে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছিলেন। সেই নজির থাকলেও আমির এখনকার খবর নাকচ করেছেন।