
ভারতে স্বর্ণ পাচারের সময় সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৭ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ ইউনুছ হাওলাদার (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে নগদ ৩৯ হাজার টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার বিনেরপোতা ট্রাফিক বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ইউনুছ হাওলাদার রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকার মৃত আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক নিজামউদ্দীন মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজধানী ঢাকা থেকে স্বর্ণের একটি বড় চালান সাতক্ষীরা সীমান্ত এলাকায় আনা হচ্ছে এবং তা ভারতে পাচার করা হবে।
এরপর ডিবি পুলিশের একটি দল শহরের অদূরে বিনেরপোতা বাইপাস সড়কের ট্রাফিক বক্সের সামনে অবস্থান নেয়। ইউনুছ হাওলাদার পরিবহন থেকে নামার পর পুলিশ তাকে আটক করে এবং দেহ তল্লাশির সময় কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার ও নগদ ৩৯ হাজার টাকা জব্দ করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২৯১.২৫ গ্রাম। যার বাজার মূল্য ৩৭ লাখ ৬৭ হাজার ২৮ টাকা।
আটক ইউনুছ হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের পরিদর্শক নিজামউদ্দীন মোল্যা।