ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটিতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এতে প্রধান দুটি মহাসড়ক—ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট—তীব্র যানজটে ভরে গেছে।

সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে ধীরগতি ও থেমে থেমে গাড়ি চলাচল করছে।

বুধবার (১ অক্টোবর) কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ছুটির চাপ এবং বৈরী আবহাওয়ার কারণে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপ বেড়েছে, যার কারণে যান চলাচল ধীর হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

যাত্রীরা জানান, পূজার ছুটি শুরু হওয়ায় সবাই গ্রামের পথে রওনা হয়েছেন। সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে যেখানে আধাঘণ্টা সময় লাগে, আজ সেখানে তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে। এক নারী যাত্রী বলেন, প্রতি বছর পূজার ছুটিতে আমরা গ্রামে যাই, কিন্তু এ বছর যানজট এত ভয়াবহ যে কখন পৌঁছাতে পারব সেটি নিয়েই দুশ্চিন্তায় আছি।

ঢাকা-সিলেট মহাসড়কেও একই চিত্র দেখা যাচ্ছে। ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার অংশে যানবাহন ধীরগতিতে চলছে।

এক বাসযাত্রী জানান, সাধারণত সিলেট যেতে ছয়-সাত ঘণ্টা লাগে, কিন্তু আজ সকাল থেকে রওনা হয়েছেন, এখনও নরসিংদী পার হতে পারেননি।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গাড়ির চাপ অনেক বেশি হওয়ায় যানজট নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। একাধিক টিম কাজ করছে এবং আশা করা হচ্ছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

১৯ কিলোমিটার যানজট,ঢাকা-সিলেট মহাসড়ক,ঢাকা-চট্টগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত