ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সৎ লোকের নীরবতায় সমাজ ধ্বংস হয়: স্বরাষ্ট্র সচিব

সৎ লোকের নীরবতায় সমাজ ধ্বংস হয়: স্বরাষ্ট্র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, অসৎ লোকের কাজকর্মে কখনো সমাজ ধ্বংস হয় না, ধ্বংস হয় সৎ লোকের নীরবতায়। তিনি বলেন, দেশের ৪০ শতাংশ মানুষ জেন-জি, যারা ৩৬ জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং তারা আমাদের কাছে সুবিচার প্রত্যাশা করে।

শনিবার সকালে রাজশাহী পিটিআই মিলনায়তনে “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

নাসিমুল গনি বলেন, আমরা নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। তারা যে সুবিচার চায় তা শুধু বিচারকদের জন্য নয়, সিভিল সার্ভিসে যারা আছেন তাদের সবার জন্য প্রযোজ্য। এ কাজের জন্য দৃষ্টিভঙ্গি বা অ্যাটিচিউড সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারি চাকুরি শুধু টাকা উপার্জনের মাধ্যম নয়, এটি জনগণ এবং স্রষ্টার প্রতি দায়িত্ব পালন।

তিনি আরও উল্লেখ করেন, ১৮৭৮ সালে পুলিশ থানা প্রতিষ্ঠার পর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও থানাগুলো ২৪ ঘণ্টা সার্ভিস প্রদান করেছিল। তবে ২৪ জুলাই আন্দোলনের সময় ব্যত্যয় দেখা দেয়, তখন মেধা ও দক্ষতার ঘাটতি ছিল না, ঘাটতি ছিল আন্তরিকতার অভাব।

স্বরাষ্ট্র সচিব সুরা ছোয়াদের ২৬ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহ দাউদ (আ.) কে ভূখণ্ডের প্রতিনিধি বানানোর কথা বলেছেন। এভাবে আমাদের প্রধান উপদেষ্টা ও সরকারি কর্মকর্তা জনগণের প্রতিনিধির চোখ, হাত, পা হিসেবে কাজ করছেন। তিনি বিপ্লবের বিশালতা ও গভীরতা অনুধাবন করাতে বক্তব্যের সময় কয়েকটি তথ্যচিত্র প্রদর্শন করেন।

এছাড়া অহংকার, হিংসা, লোভ, পরচর্চা ও অন্ধ আনুগত্য পরিহার করে উদ্ভাবনী কার্যক্রম, সুবিচার ও সদ্ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ বিভাগের আট জেলার কর্মকর্তাবৃন্দ।

স্বরাষ্ট্র সচিব,সমাজ ধ্বংস হয়,সৎ লোকের নীরবতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত