ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর সিরাজুল হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর সিরাজুল হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামে চাঞ্চল্যকর প্রবাসী যুবক সিরাজুল ইসলাম (২৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ওই গ্রামের আল আমিন মন্ডল (৩৮), সেলিম মন্ডল (৩২), ওমর ফারুক (৩৮) আমিরুল ইসলাম (৩৩) ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর প্রামানিক (৫৫)। এদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ওসি (ডিবি) একরামুল হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত সিরাজুলের মা মাদকাসক্ত ছেলেকে অতিরিক্ত বোঝা মনে করতো। এ সুযোগ কাজে লাগিয়ে আসামিরা অনেক বুঝিয়ে দেড় লাখ টাকার বিনিময়ে মায়ের কাছ থেকে ছেলেকে কিনে নেয় এবং গত ২৮ অক্টোবর রাতে তারা ওই যুবককে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ভোরে একই এলাকার পূর্ব চর কৈজুরী গ্রাম থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের যৌথ টিম বিশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে ওই ৫ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তারা জবানবন্দিতে জানায়, স্থানীয় মুসা মন্ডল, গফুর প্রামানিক গোষ্ঠী ও খোকন মাস্টার (চেয়ারম্যান) গোষ্ঠীর মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এ নিয়ে ২০২১ সালে একটি হত্যা মামলা হয় এবং সাড়ে ৩১ লাখ টাকায় আপস হয়। পরে বকেয়া টাকা নিয়ে বিরোধ দেখা দিলে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সিরাজুলকে হত্যার পরিকল্পনা করা হয়। এ পরিকল্পনায় ২৮ অক্টোবর রাতে সিরাজুলকে বাড়ি থেকে ডেকে এনে এক আসামির বাড়িতে আটক রাখা হয় এবং ওইদিন গভীর রাতে শ্বাসরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,হত্যা মামলা,রহস্য উদঘাটন,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত