ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে: মামুনুল হক

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক আগামী সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ ভোট’ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “হ্যাঁ যদি জয়লাভ করে তাহলে গণ অভ্যুত্থান জিতে যাবে ও জুলাই সনদ বাস্তবায়িত হবে। ‘হ্যাঁ’ যদি জয়লাভ করে তাহলে ৪৭ সালের দেশ বিভক্তির ভিত্তিতে ইসলামের বাংলাদেশ গড়ে উঠবে এবং দেশে নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা শাখা খেলাফত মজলিশ আয়োজিত স্থানীয় ঈদগাহ ময়দানে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক আরো বলেন, “দেশের বর্তমান সংবিধান ভারতের পেসক্রিপসনে তৈরি করা। ইন্দিরা গান্ধির কথামতো তাদের দেশের সংবিধানের মূলনীতিগুলি বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে। এভাবে হাজার হাজার মানুষের রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ভারত মাতার কাছে বিকিয়ে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, ৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করে রাখা হয়েছিল বলে ২৪ এর গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল। হাজার হাজার ছাত্র-জনতার রক্তে অর্জিত ২৪ এর গণঅভ্যুত্থান বুঝিয়ে দিয়েছে এদেশে আর ভারতের আধিপত্যবাদ যেমন চলবে না, তেমনি ৭২ এর সংবিধানও চলবে না। আগামী বাংলাদেশ গড়ে উঠবে ৪৭, ৭১ আর ২৪ এর চেতনার ভিত্তিতে।

তিনি বলেন, “বিগত সরকারগুলির আমলে শুধু শিল্পপতি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। কিন্তু রিকশা চালক, নৌকার মাঝি, কৃষক-শ্রমিক, মেহনতি মজদুর মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই।”

এসময় মাওলানা মামুনুল হক আগামী সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী হিসাবে হেদায়েতুল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দেন।

বাংলাদেশ খেলাফত মজলিশ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকির সভাপতিত্বে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।

গণভোট,মামুনুল হক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত