
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের উদ্যোগে সোনারগাঁয়ের সাদিপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাদিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফারাহ জুবায়েরের সঞ্চালনায় এবং সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সোনারগাঁ থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমির হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াত উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন, শহীদ শরীফ ওসমান হাদী একটি নাম, একটি ইতিহাস। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় প্রতিবাদের কণ্ঠস্বর ছিলেন শহীদ শরীফ ওসমান হাদী। তিনি স্বদেশপ্রেমের প্রেরণার বাতিঘর। যতদিন বাংলাদেশ থাকবে, ওসমান হাদিরা বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের হৃদয়ে। আমরা মহান আল্লাহর কাছে আমাদের ভাই ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি, আল্লাহ তায়ালা যেন ওসমান হাদীকে শহীদ হিসেবে কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করেন।
সভায় আলোচনা শেষে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আমির হোসাইন উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ হাদীর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।