
কিশোরগঞ্জে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, দেখা মেলেনি সূর্যের। গত কয়েকদিন ধরেই টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে এ জেলার জনজীবন।
সোমবার (২৯ ডিসেম্বর) কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রী সেলসিয়াস।
আগেরদিন রোববার (২৮ ডিসেম্বর) কিশোরগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত ঠান্ডায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের মাঝে। দৈনন্দিন কাজে যেতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন তারা।
প্রভাব পড়েছে বোরো ধানের আবাদে। মৌসুমের শুরুতে অতিরিক্ত ঠান্ডায় ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।