ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী নিজ নিজ প্রতীক বরাদ্দ পেয়েছেন। নির্বাচন আচরণবিধি মেনে আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। এতে সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কার্যক্রমের শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের নির্বাচন আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। পরে ব্যানার-ফেস্টুন টাঙানো, সভা-সমাবেশ ও মিছিল সংক্রান্ত বিধি নিষেধসহ বিভিন্ন বিষয়ে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এরপর বেলা সাড়ে ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দে রাজশাহীর ৬টি আসনে ২৬ জন দলীয় প্রার্থী তাদের নিজ নিজ দলীয় প্রতীক পান। পাশাপাশি দুটি আসনের ৩ জন স্বতন্ত্র প্রার্থী তাদের পছন্দের প্রতীক বরাদ্দ লাভ করেন। এর মধ্যে রাজশাহী-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ (মোটরসাইকেল) প্রতীক পান। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক (ঘোড়া) প্রতীক এবং যুক্তরাজ্য জিয়া পরিষদের বর্তমান সহ-সভাপতি ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম (ফুটবল) প্রতীক বরাদ্দ পান।

এদিকে প্রতীক বরাদ্দ চলাকালে রাজশাহী-৪ (বাগমারা) আসনে ফজলুর রহমান, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ইকবাল হোসেন ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আফজাল হোসেনকে জাতীয় পার্টির প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ ও প্রতীক বরাদ্দ পাওয়ার ঘটনায় প্রতিবাদ জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জেলা এনসিপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু এ প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন। প্রতিবাদ শেষে তিনি জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

রাজশাহী,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,প্রতীক বরাদ্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত