ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় অবস্থিত ‘সাইন ফ্ল্যাক্সি প্যাক’ নামের একটি প্লাস্টিকের দ্রব্য প্রস্তুতকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো ফ্যাক্টরি আগুনে ভস্মীভূত হয়ে যায়।

বুধবার (২১ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় ‘সাইন ফ্ল্যাক্সি প্যাক’ কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া স্টেশনের তিনটি, হাজীগঞ্জের দুটি ও ফতুল্লার দুটিসহ মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সাইন ফ্ল্যাক্সি প্যাকের মালিক দিলীপ সাহা বলেন, রাত সোয়া একটার দিকে তিনি খবর পান কারখানায় আগুন লেগেছে। এর কিছু পরই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই কারখানার মেশিন থেকে শুরু করে পলিব্যাগ, হ্যাংগার, স্কচটেপসহ বিভিন্ন প্লাস্টিকজাত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, কারখানাটিতে পলিব্যাগ, হ্যাংগার, স্কচটেপসহ বিভিন্ন প্লাস্টিকজাত দ্রব্য প্রস্তুত করা হতো। ভেতরে প্লাস্টিকের কাঁচামাল ও দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।

১০ কোটি টাকার ক্ষতি,কারখানায় অগ্নিকাণ্ড,নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত