
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জের দুই বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। দলে মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মুন্সীগঞ্জ-১ ও মুন্সীগঞ্জ-৩ আসনের দুই নেতাকে নিজ নিজ পদ থেকে বহিষ্কারের পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিস্কার করা হয়েছে।
বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জানা যায়, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় মমিন আলীকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একইসঙ্গে মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থীর বিপরীতে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মহিউদ্দিনকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এই বহিষ্কার কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শেখ মো. আব্দুল্লাহ এবং মুন্সীগঞ্জ-৩ আসনে দলের প্রার্থী হিসেবে রয়েছেন কামরুজ্জামান রতন।
দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়াকে গুরুতর সাংগঠনিক অপরাধ হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে পত্রে জানানো হয়।