
কক্সবাজারে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। একই সাথে চলছে কাঁদা ছোড়াছুড়ি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই কাঁদা ছোড়াছুড়ি মারাত্মকভাবে চলছে। এতে সংঘাতের আশঙ্কা রয়েছে বলে দাবি করছে সচেতন মহল।
প্রতীক বরাদ্দ নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে কক্সবাজারে উৎসবের আমেজে প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনে অংশ নেয়া ১৮ জন বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
নানা কারণে কক্সবাজার জেলার গুরুত্ব অনেক বেশি। সীমান্তের ওপারে দফায় দফায় সংঘর্ষ, রোহিঙ্গা শরণার্থী ও মাদকের কারবারই আলোচিত প্রধান ইস্যু। ২০১৭ সাল থেকে উখিয়া ও টেকনাফে অবস্থান করছে বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী। কয়েক বছর ধরে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে জান্তা সরকারের সংঘাত চলছে। স্থানীয় লোকজন বলছেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকট তাদের জীবন-জীবিকা, পরিবেশ ও নিরাপত্তায়, এখানকার আর্থসামাজিক খাতে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ তার নির্বাচনি প্রচার শুরু করেছেন। প্রচারের শুরুতে সালাহউদ্দিন আহমদ সবার কাছে দোয়া চান। পরে তিনি কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভীপাড়া, সিকদারপাড়ায় গণসংযোগ করেন।
একই আসনে জামায়াত ইসলামী মনোনীত আব্দুল্লাহ আল ফারুক কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি প্রথমে নিজের মরহুম পিতা নুরুল কবিরের কবর জিয়ারত করেন। এরপর সকাল সাড়ে ১০টায় আলেম ওলামাদের সঙ্গে নিয়ে খতিবে আজম মাওলানা ছিদ্দিক আহমদের কবর জিয়ারত করেন। পরে দুপুর ১২টায় শহীদ খায়রুল ইসলামের কবর জিয়ারত করেন। এছাড়াও তিনি চকরিয়া পৌরশহরের শহীদ ফোরকানের কবর জিয়ারত করেন।
কক্সবাজার-২ আসনে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ মহেশখালী উপজেলার মাতারবাড়ি আজিজিয়া মাদ্রাসা মাঠ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। একই আসনে বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ মহেশখালীর শাপলাপুর ইউনিয়ন থেকে প্রচারণা শুরু করেন।
কক্সবাজার-৩ আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল ধানের শীষ কুতুবদিয়া পাড়া থেকে প্রচারণা শুরু করেন। জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর পারিবারিক কবরস্থানে জেয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন এবং বিকেলে লিংকরোডে পথসভায় যোগদান করেন।
কক্সবাজার-৪ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী সোনারপাড়া বাজারে পথসভায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন। জামায়াতের প্রার্থী জেলা আমির নুর আহমদ আনোয়ারী পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় গণসংযোগ করে পরে উখিয়ার কোটবাজারে পথসভায় যোগ দেন।
কক্সবাজার শহর ও শহরতলীর নির্বাচনী পরিবেশ সরেজমিন পর্যবেক্ষণ ও জেলার প্রত্যন্ত অঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। অন্যান্য প্রার্থীরাও নানা কৌশলে প্রচার প্রচারণায় চালিয়ে যাচ্ছেন।