
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেওগা গ্রামে ঈদগাহ মাঠ নিয়ে ২ গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গোষ্ঠীর কমপক্ষে ৯ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের ঈদগাহ মাঠের কিছু অংশ সরকারি খাসের জায়গা হয়েছে।
এ জায়গা ইউসুব আলী গোষ্ঠীর লোকজন জোরপূর্বক দখলের চেষ্টা করে। এতে ইদ্রিস আলী গোষ্ঠী বাধা দিলে ২ গোষ্ঠীর মধ্যে বিরোধ শুরু হয়।
সোমবার দুপুরে সার্ভেয়ারের লোক জায়গা মাপার জন্য আসলে তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং তারা একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গোষ্ঠীর কমপক্ষে ৯ জন আহত হয়েছে।
তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।