ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ফুলবাগান চাষে ২ বন্ধুর সফলতা

সিরাজগঞ্জে ফুলবাগান চাষে ২ বন্ধুর সফলতা

সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে ফুল বাগান চাষে ২ বন্ধু সফলতা অর্জন করেছেন। এ চাষে তারা পেয়েছেন জাতীয় পুরস্কার। এ সাফল্য অর্জন করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা গ্রামের শহিদুল ইসলাম (৪০) ও আমিনুল ইসলাম (৪১)। ইতোমধ্যেই এ পুরস্কারে এলাকায় তারা প্রশংসিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার যমুনা নদীর তীর এলাকার একডালা গ্রামের ওই ২ বন্ধু প্রায় ১৮ বছর আগে চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসেন এবং তারা বিশেষ প্রযুক্তিতে স্বল্প পরিসরে ফুল চাষ শুরু করেন। ক্রমাগতভাবে এ চাষের পরিধি বেড়ে যায় এবং বর্তমানে প্রায় সাড়ে ৩ একর জমিতে এ ফুল চাষ করে সাফল্য অর্জন করেছেন। তারা প্রতি বছর প্রায় ১৫ লাখ টাকার বিভিন্ন জাতের ফুল বিক্রি করেন। এ সাফল্য অর্জন দেখে এলাকার অনেক আদর্শ কৃষক ফুল চাষে ঝুঁকে পড়েছেন। এ নিয়ে ওই গ্রাম ফুল গ্রাম হিসেবেও পরিচিত হচ্ছে।

ওই ২ বন্ধু কম খরচে ফুল চাষ করে আর্থিকভাবে সফলতা অর্জন করেছেন এবং জাতীয় পুরস্কারও লাভ করেছেন। পুরস্কারপ্রাপ্ত এই ২ বন্ধুর বাগানে রয়েছে গোলাপ, রজনিগন্ধা, গাদা, জারবারা, গার্ডিওলাসসহ দেশি বিদেশি অনেক রকমের ফুল।

ফুল বাগান চাষি শহিদুল ও আমিনুল আক্ষেপ করে বলেন, এ ফুল বাগান চাষে প্রথমে এলাকার কিছু লোকজন হেয় প্রতিপন্ন ও নানা রকম কথাবার্তা বলতো। এরপরেও এ বাগান চাষে হাল ছাড়ি নাই। প্রথমে এক বিঘা জমিতে ফুল চাষ করেছি এবং লাভজনক এ চাষে বর্তমানে সাড়ে ৩ একর জমিতে ফুল চাষ করছি। ফুল বাগান চাষে স্থানীয় কৃষি বিভাগও সহযোগিতা করছে। ফুল কিনতে প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসেন এবং তারা ভালো দামে এ ফুল কিনে স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করে। এছাড়া বাগান এলাকায় তরুণ তরুনীসহ ফুল প্রেমীরা সেলফি তুলতে ভিড় জমায়। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে বিপুল টাকার ফুল বিক্রি করবেন বলে আশা করছেন ওই ২ বন্ধু।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের একজন কর্মকর্তা আলোকিত বাংলাদেশকে জানান, ওই ২ বন্ধুর চেষ্টায় তারা এ সাফল্য অর্জন করেছেন। এবারো তারা ফুল বাগানে বিভিন্ন জাতের ফুল চাষ করেছেন। স্থানীয় কৃষি বিভাগও তাদের পরামর্শ দিচ্ছে।

সিরাজগঞ্জ,ফুলবাগান চাষ,সফলতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত