
সিরাজগঞ্জের শস্য ভান্ডার খ্যাত তাড়াশ উপজেলার কাউরাইল এলাকায় অবৈধভাবে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ অভিযানে অবৈধভাবে পুকুর খননের অপরাধে বেকু মালিক কামরুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালীর ছত্রছায়ায় ওই এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উল্লেখিত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় বেকু মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর খননের কাজ চলছিল।
এ অপরাধে তাকে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে আর অবৈধ পুকুর খননের কাজে নিজের বেকু মেশিন ব্যবহার করা হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।