ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২৩ হাজার ৫৬৭ জন

রংপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২৩ হাজার ৫৬৭ জন

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলায় ছয়টি সংসদীয় আসনে প্রথমবারের মতো ‘পোস্টাল ব্যালটে’ ভোট দেবেন ২৩ হাজার ৫৬৭ জন ভোটার। এর মধ্যে নিবন্ধন করা প্রবাসী, সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটাররা রয়েছেন।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার অভিজিৎ চৌধুরী জানান, রংপুর কেন্দ্রীয় কারাগারে হাজতি-কয়েদি মিলে ১ হাজার ৪৩ বন্দি রয়েছেন। সেখানে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ১১৯ জন। এদের মধ্যে হাজতি এবং কয়েদি রয়েছে।

নিবন্ধিত হাজতি ও কয়েদিদের জন্য পোস্টাল ভোট ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে, আগামীকাল ৫ ফেব্রুয়ারি শেষ হবে। এই তিন দিনের জন্য কারাগারে পোস্টাল ভোট গ্রহণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ছিল। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আসনভিত্তিক নিবন্ধনের তথ্যানুযায়ী, রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিকের ১ থেকে ৯ নং ওয়ার্ড) আসনে ৩ হাজার ২৫৭ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন।

রংপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। এর মধ্যে বিএনপির মোকাররম হোসেন সুজন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী (দাঁড়িপাল্লা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী আহসানুল আরেফিন (কাঁচি), ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা (হাতপাখা) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস (চেয়ার)।

রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। এর মধ্যে ৩ হাজার ১১৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।

এই আসনে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল (লাঙল), বিএনপির মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আশরাফ আলী (হাতপাখা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আজিজুর রহমান (তারা)।

রংপুর-৩ (সদর ও রসিকের ১০ থেকে ৩৩ নং ওয়ার্ড) আসনে ৫ হাজার ২৩০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ২২৪ জন। এ আসন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে।

এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির জিএম কাদের (লাঙল), বিএনপির সামসুজ্জামান সামু (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল (দাঁড়িপাল্লা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের আব্দুল কুদ্দুস (মই), তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী (হরিণ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর আনোয়ারা হোসেন বাবলু (কাঁচি) ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান (সূর্যমুখী)।

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬৪৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।

এই আসন থেকে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ), জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান (লাঙল), এনসিপির আখতার হোসেন (শাপলা কলি), ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা (কাঁচি) ও স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বাসার (হরিণ)।

এ ছাড়া, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৪ হাজার ৪৪৫ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত তালিকায় রয়েছেন। এখানে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ১৮৯ জন।

এ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির এস এম ফখর উজ জামান (লাঙল), বিএনপির গোলাম রব্বানী (ধানের শীষ), ইসলামী আন্দোলনের গোলজার হোসেন (হাতপাখা), নাগরিক ঐক্যের মোফাখখারুল ইসলাম নবাব (কেটলি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির আবু হেলাল (কাস্তে), আমার বাংলাদেশ পার্টির আব্দুল বাছেত (ঈগল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর বাবুল আক্তার (কাঁচি) ও বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান (ডাব)।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ২ হাজার ৮৭৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এখানে মোট ভোটার ৩ লাখ ৫৫ হাজার ৭৩৫ জন।

এই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন বিএনপির সাইফুল ইসলাম (ধানের শীষ), জাতীয় পার্টির নুর আলম মিয়া (লাঙল), জামায়াতে ইসলামীর নুরুল আমীন (দাঁড়িপাল্লা), আমার বাংলাদেশ-এবি পার্টির ছাদেকুল ইসলাম (ঈগল), ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী খন্দকার শাহিদুল ইসলাম (ফুটবল) ও স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী (সূর্যমুখী)।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নিবন্ধিত ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর নিজ নিজ পছন্দমতো ভোট দিয়ে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, বর্তমানে রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন। হিজড়া ভোটার রয়েছে ৩১ জন। জেলায় মোট ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৩ হাজার ৫৬৭ জন,পোস্টাল ব্যালটে ভোট দেবেন,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত