
মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক চারটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের একদল লোক জামালপুর গ্রামে হামলা চালায়। এ সময় কাইয়ুম দেওয়ান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অপর একজনও হামলায় আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কাইয়ুম দেওয়ানের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।