ঢাকা রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে পাঁচ প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে পাঁচ প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের আশ্রয় দেওয়া এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী পাঁচজন সংসদ সদস্য প্রার্থী।

শনিবার দুপুরে শহরের পূর্ব দাশড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামালের বাসভবনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল (সূর্যমুখী ফুল), জাতীয় পার্টির প্রার্থী আবুল বাশার বাদশা (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাজাহান হোসেন সাজু (প্রাইভেট কার), স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান (মোটরসাইকেল) এবং জাতীয় পার্টি (জেপি)-এর প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিস (বাইসাইকেল)।

সংবাদ সম্মেলনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাজাহান হোসেন সাজু অভিযোগ করে বলেন, বিএনপির প্রার্থীর প্রকৃত ভোটব্যাংক সীমিত হওয়ায় তারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও মাদক কারবারিদের আশ্রয় দিচ্ছেন। এসব ব্যক্তিদের মাধ্যমে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভোট নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী একটি ইউনিয়নে একটি নির্বাচনী কার্যালয় থাকার কথা থাকলেও বিএনপির প্রার্থী প্রায় প্রতিটি ইউনিয়নে চার থেকে পাঁচটি করে কার্যালয় স্থাপন করেছেন, যা সরাসরি আচরণবিধির লঙ্ঘন।

জাতীয় পার্টির প্রার্থী আবুল বাশার বাদশা অভিযোগ করেন, পোস্টার মুদ্রণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিএনপির পক্ষ থেকে ক্যালেন্ডার ছাপিয়ে বাড়ি বাড়ি বিতরণ করা হচ্ছে। এসব ক্যালেন্ডারে প্রার্থীর ছবি ও ‘ধানের শীষে ভোট দিন’ লেখা রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রশাসনের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

জাতীয় পার্টি (জেপি)-এর প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিস বলেন, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রেখেই নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন আগামী দিনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং ভোটারদের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে।

তবে এ বিষয়ে বিএনপির প্রার্থীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মানিকগঞ্জ,প্রার্থী,সংবাদ সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত