
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার প্রত্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘সম্প্রীতির পদচারণা’ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন, সু-শাসনের জন্য নাগরিক (সুজন), পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএফজি) যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব আরিফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহিংসতা পরিহার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র আরও শক্তিশালী ভিত্তি পাবে।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস।
ইউএনও সানজিদা রহমান তার বক্তব্যে বলেন, “নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের গুজব, উত্তেজনা ও সহিংসতা থেকে সবাইকে দূরে থাকতে হবে। প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্বশীল সহযোগিতাই পারে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে।”
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সুজন সভাপতি ও পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, সুজন সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার, পিএফজির আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান এবং পিএফজি অ্যাম্বাসেডর মমতা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান শাহীন, উবায়দুল্লাহ রুমি, হাবিবুর রহমান হাবিব এবং ইয়ুথ পিএফজি সদস্য ইশতিয়াক আহমেদ ইশহাক, তানভীর আহমেদ ও শামীম মিয়াসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা পথচারী ও ব্যবসায়ীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।