
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দুর্নীতিবাজদের এ দেশে আর স্থান হবে না। দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা অনেক ভালো। কেউ যদি ভোটকেন্দ্র দখল করতে আসে সে আর বাড়ি ফিরে যেতে পারবে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। সময় এসেছে ঘরে ঘরে শাপলা কলি মার্কার দাওয়াত পৌঁছে দেওয়ার। আগামী ১০০ বছর বাংলাদেশে প্রশাসন ও পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে এবং খেটে খাওয়া মানুষের সন্তানরা মেধার ভিত্তিতে চাকরি পাবে কি না তা নির্ভর করবে এ নির্বাচনে ভোটের মাধ্যমে। আমরা যাদের নেতা বানাতাম, তারা আমাদের রক্তের ওপর দিয়ে নেতা হয়েছে। তারা এসি বাসে ঘুরে বেড়িয়েছে। যারা টাকা লুট করে বিদেশে গিয়ে তাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করেছে। লন্ডন-আমেরিকায় ঘুরে বেড়িয়েছে। তারা আপনাদের মানুষ মনে করেনি।
তিনি আরও বলেন, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার এখন সময় এসেছে। আগামী ত্রয়োদশ নির্বাচন আপনাদের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। গত ১৭ বছর যাদের কোনো লড়াই-সংগ্রামে দেখা যায়নি। যারা ঋণখেলাপি ও ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। যারা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে। তাদের হাতে এই দেশ তুলে দেওয়া হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ এগিয়ে যাবে নাকি পিছিয়ে যাবে সেই সিদ্ধান্ত আপনাদের হাতে।
জনসভায় সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এনসিপির মনোনীত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রফিকুল আলম খান প্রমুখ।
এ জনসভায় ১১ দলীয় জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।