ঢাকা রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

তাড়াইলে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে নাগরিক সংলাপ। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নাগরিকদের করণীয় নির্ধারণে এই সংলাপের আয়োজন করা হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, কাজী, পুরোহিতসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংলাপে বক্তারা বলেন, নির্বাচনকালীন সময়ে সহিংসতা ও গুজব প্রতিরোধে নাগরিকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, মতের ভিন্নতা থাকলেও তা যেন কখনোই সহিংসতায় রূপ না নেয়— এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের চর্চার মাধ্যমে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

নাগরিক সংলাপে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সমন্বয়কারী (ময়মনসিংহ বিভাগীয়) নাজমুল হোসাইন।

এছাড়া বক্তব্য দেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এম্বাসেডর (পিএফজি) সারোয়ার আলম এবং দ্য হাঙ্গার প্রজেক্ট, তাড়াইল উপজেলার সমন্বয়কারী (পিএফজি) রবীন্দ্র সরকার।

পিপলস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), তাড়াইল-এর আয়োজনে অনুষ্ঠিত এই নাগরিক সংলাপটি মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়। এতে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ সহযোগিতা করে।

তাড়াইল,নাগরিক সংলাপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত