
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর এক সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ২টার পর এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পিকআপ চালক সুজন (৩৭) ও হেলপার ইছারুল (২৫)।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যশোর থেকে কাঁচা মালামাল বোঝাই করে একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিমতলা আন্ডারপাসের ওপর পৌঁছালে পিকআপটি সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই অজ্ঞাত গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক সুজন নিহত হন। নিহত সুজন যশোরের কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় হেলপার ইছারুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় জানান, হাসপাতালে আনার পর হেলপারকে মৃত ঘোষণা করা হয়েছে।
নিহত হেলপার ইছারুলের বাড়ি খুলনার ডুমুরিয়ায়, তবে তিনি বর্তমানে যশোরে বসবাস করতেন। ফায়ার কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে।