
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক ও অপর বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার শালাবাড়িয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহাজাদপুর ট্রাভেলস (ঢাকা মেট্রো-নং ১৫-০৫০১) বাসটি একটি ট্রাককে ওভারটেক করে ডানদিকে যাওয়ার মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী মাছরাঙা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৯৪০৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে শাহাজাদপুর ট্রাভেলসের ড্রাইভার কামাল (৪৮) ও মাছরাঙা পরিবহনের হেলপার জহুরুল (৩৬) ঘটনাস্থলেই মারা যান এবং উভয় বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে পাবনা সদরের হাজিরহাট এলাকার আহসান হাবিব (৫০), তার স্ত্রী আজেদা খাতুন (৪২), সবুজ শেখ (৩২), রতন মিয়া (৪৫), শিউলি খাতুন (২৫), শরিফ (৩০), ছাত্তার (৫৮), করিম (৫০), লুৎফর (৫৫), সাইদুল (৫২) ও স্বপ্না (১৮) কে উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, মাধপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় নিহতদের বাসের বডি কেটে বের করা হয়। ভোরে ঘন কুয়াশা ছিল, শাহাজাদপুর ট্রাভেলস একটি ট্রাককে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।