
মুন্সীগঞ্জ সদরের পূর্বরাখি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জনসহ আহত হয়েছেন। এছাড়াও এক পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, ভোটকেন্দ্রের সামনে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা হয়। পরে সেখানে সংঘর্ষে জড়ান তারা।
এদিকে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনায় মাথায় রক্তাক্ত জখম অবস্থায় জয় (৩২) ও জুয়েল (৪২) নামে দুইজন ও হাত ভাঙা অবস্থায় আব্দুল জব্বার বেপারি (৫৩) নামের একজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয় বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, বিকেলে ধানের শীষ প্রতীকের সমর্থকদের মিছিল থেকে ফুটবল সমর্থকদের উপর হামলা করা হয়। পরে সেখানে সংঘর্ষ হয়।