ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, ড্রোনে নজরদারি

রাজবাড়ীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, ড্রোনে নজরদারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনের ৩৫৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে র‌্যাব-১০।

এরই অংশ হিসেবে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন র‌্যাবের সদস্যরা।

এসময় রাজবাড়ী পৌরসভার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন র‌্যাব সদস্যরা। তারা কেন্দ্রের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি ড্রোন উড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন।

ভোটকেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন র‌্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম। তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজবাড়ীতে র‌্যাবের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। ওই ক্যাম্পে ৩০ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, র‌্যাব সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় রোবট প্যাট্রোলিং ও মোবাইল প্যাট্রোলিংয়ের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালাবেন। পাশাপাশি অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে প্রায় ১৪ কিলোমিটার এলাকা পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ীতে র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে র‌্যাবসহ অন্যান্য বাহিনী সার্বক্ষণিক মাঠে থাকবে বলে জানানো হয়েছে।

ড্রোনে নজরদারি,পরিদর্শনে র‌্যাব-১০,রাজবাড়ীর বিভিন্ন ভোটকেন্দ্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত