
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৬ ভোট। এছাড়া অন্য দুই প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৪৭ ভোট ও আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ বাদশা ঈগল প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৪টি।
নকলা ও নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দ্বয়ের দপ্তর হতে প্রকাশিত তথ্য মোতাবেক জানা গেছে, মোহাম্মদ ফাহিম চৌধুরী নকলা উপজেলা থেকে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৫৪ ভোট, নালিতাবাড়ী উপজেলা থেকে পেয়েছেন ৫৭ হাজার ৩৮৭ ভোট ও পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ১ হাজার ৩১টি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গোলাম কিবরিয়া নকলা উপজেলা থেকে দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৬৩৯ ভোট, নালিতাবাড়ী উপজেলা থেকে পেয়েছেন ৬৬ হাজার ৯৪৩ ভোট ও পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ১ হাজার ৭৫৪টি।
এছাড়া মো. আব্দুল্লাহ আল কায়েস নকলা উপজেলা থেকে হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৪৩ ভোট ও নালিতাবাড়ী উপজেলা থেকে পেয়েছেন ৩ হাজার ৪০৪টি এবং মো. আব্দুল্লাহ বাদশা নকলা উপজেলা থেকে ঈগল প্রতীকে পেয়েছেন ৩৬৭ ভোট ও নালিতাবাড়ী উপজেলা থেকে পেয়েছেন ৬৩৭টি ভোট।
রিটার্নিং অফিসারের দপ্তর থেকে প্রকাশিত তথ্য সূত্রে জানা গেছে, শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) সংসদীয় আসন ১৪৪-এ মোট ভোটার ৪ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। এর মধ্যে প্রায় ৫১.৭৫% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পরে তার নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড বিজয় মিছিল বের করলে, ফাহিম চৌধুরী তাৎক্ষণিক উচ্ছ্বসিত নেতা-কর্মী ও সমর্থকদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়ে মিছিল বন্ধ করে দেন। তাছাড়া কারো সাথে অসৌজন্যমূলক আচরণ করা থেকে সকলকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।