ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, গ্যাস সরবরাহ বন্ধ

সিরাজগঞ্জে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, গ্যাস সরবরাহ বন্ধ

সিরাজগঞ্জে নির্বাচন পরবর্তীতে গভীর রাতে অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে হামলা ও ভাংচুর করেছে মুখোশ পড়া দুর্বৃত্তরা। এতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী বৃহস্প্রতিবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ারবৈদনাথ এলাকায় ওই সিএনজি ফিলিং স্টেশনের ৩টি অ্যাডজাস্টম্যান মেশিন, ক্যাশ কাউন্টারসহ বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুর করা হয়।

এ ঘটনায় দ্রুত গ্যাস পাম্প চালুসহ দুর্বৃত্তদের গ্রেফতার করার দাবী জানিয়েছেন শ্রমিকরা।

ওই গ্যাস পাম্পের মেশিন অপারেটর ইনচার্জ শামীম হোসেন জানান, গভীর রাতে মুখোশ পড়া দুর্বৃত্তরা পাম্পে প্রবেশ করে অতর্কিতভাবে স্টেশনের ৩টি ডিসপেন্সার মেশিন, জেনারেটর রুম, মেশিন রুম, আরএমএস রুম ভাংচুর করে কাউন্টার থেকে টাকা লুট করে নেয়।

জেলা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় বন্ধ থাকায় প্রায় ৫ হাজার সিএনজি চলাচলও বন্ধ রয়েছে। এছাড়া বহু বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ সিএনজি চালিত অটোরিক্সা গ্যাসের অভাবে বন্ধ রয়েছে। তিনি জড়িতদের গ্রেফতার ও দ্রুত গ্যাস পাম্প মেরামতের দাবি জানিয়েছেন। তা না হলে বিক্ষোভ কর্মসূচীর হুশিয়ারী দিয়েছেন।

ফিলিং স্টেশনের মালিক লুৎফর রহমান দিলু জানান, মুখোশ পরে একদল দুর্বৃত্ত রাতেই স্টেশনে হামলা ও ভাংচুর করে লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে এবং বর্তমানে স্টেশনটি বন্ধ রয়েছে।

সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেছেন।

গ্যাস সরবরাহ বন্ধ,হামলা-ভাংচুর,সিরাজগঞ্জ ফিলিং স্টেশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত