
যমুনাসেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা জোকারচর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক ভ্যানগাড়ি চালকসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে যমুনাসেতু -টাঙ্গাইল- ঢাকা মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি এলাকার আমজাদ আলীর ছেলে ভ্যানচালক আমির আলী (৪০) ও ভ্যানগাড়ির যাত্রী একই এলাকায় মান্নানের ছেলে শরিফ উদ্দিন (৪১)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার যমুনা সেতু-টাঙ্গাইল ঢাকা মহাসড়কের জোকারচর গোহালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এ নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার সময় তিনিও মারা যান।
বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম জানান, টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে জোকারচর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর আহত দুজন চিকিৎসারত অবস্থায় মারা যান।