
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের ভোট গণনা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ‘ইঞ্জিনিয়ারিং’ করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী জেলা শাখা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জামায়াতের প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনের দিন ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। কিন্তু গণনার সময় আমাদের এজেন্টদের নানাভাবে বাধা দেওয়া হয়েছে এবং কেন্দ্রে অনিয়ম ও ফলাফল প্রভাবিত করার চেষ্টাও হয়েছে। ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে একটি দলের নেতাকর্মীরা। এজেন্টরা ভোটের শুরু থেকেই কেন্দ্রে উপস্থিত ছিলেন। কিন্তু নানা অজুহাতে তাদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এ কারণে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়া ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের প্রিজাইডিং দায়িত্বে থাকা কর্মকর্তারা এক টেবিলে বসে আপ্যায়ন করেছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আচরণ হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ।
তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল লতিফ, কামারখন্দ উপজেলা জামায়াতের আমির আবু ইউসুব,এনসিপি’র নেতা হযরত আলী ওসমান-সহ জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।