
জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে ভোটারদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে ২ নেতার পদ স্থগিতসহ ৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ভোটারদের হুমকি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরের অভিযোগে বেলকুচি পৌর শাখা জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মন্ডল এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মন্ডলের পদ স্থগিত করা হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে নির্বাচন পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ ও বিএনপি কর্মী আরজু আহমেদকে শোকজ করা হয়েছে।
তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।