
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় জসিম নায়েব হত্যাকাণ্ডের ঘটনায় আসামি মোহন মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ জানুয়ারি) সদর উপজেলার চরাঞ্চল আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামে পরাজিত ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের সাথে বিজয়ী বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত ওই এলাকার জসিমকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে মৃত্যু হয় তার। পরে এ ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি রাতে সদর থানায় ২২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা মাফিক। ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন গ্রেপ্তারকৃত মোহন মিয়া। তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।