
নেত্রকোনার দুর্গাপুরে মাদক সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার আশ্রয়ণ প্রকল্পে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. রাশেদুল ইসলাম (২১) ও আলাল মিয়া (২৮)।
রাশেদুল ইসলাম দক্ষিণপাড়া আবাসন প্রকল্পের ও আলাল মিয়া পৌরসভাস্থ পশ্চিম উত্তরাইল এলাকার স্থায়ী বাসিন্দা।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্পে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় রাশেদুল ইসলাম ও আলাল মিয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান এবং ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান সহ পুলিশ টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদক দ্রব্য ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।