ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মাহে রমজানকে স্বাগত জানিয়ে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

মাহে রমজানকে স্বাগত জানিয়ে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুণ্ন রাখার আহ্বানে মানিকগঞ্জে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ সবার দৃষ্টি আকর্ষণ করে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের মাদরাসা ক্যাম্পাস থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।

পুরো শহরজুড়ে অংশগ্রহণকারীদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি ও ধর্মীয় আবহ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

র‍্যালিতে নেতৃত্ব দেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমান। এতে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষার আহ্বান জানান।

এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। স্লোগানগুলোর মধ্যে ছিল— ‘রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে’, ‘দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে’, ‘অশ্লীলতা ও অপসংস্কৃতি রুখে দাও, রমজানের সম্মান বজায় রাখো’।

র‍্যালি শেষে সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মো. আতিকুর রহমান বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম, সততা ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস।

তিনি সকলকে রমজানের পবিত্রতা বজায় রাখা, ব্যবসা-বাণিজ্যে সততা রক্ষা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

মাহে রমজান,মানিকগঞ্জ,র‍্যালি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত