ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিতকরণ, দুটি ঈদ বোনাস প্রদান, সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়ন, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানসহ সম্পাদিত সব চুক্তি কার্যকরের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হোটেল শ্রমিক ইউনিয়ন, রাজবাড়ী জেলা শাখা।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে ‘রাজবাড়ী হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়ন কমিটি’র আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর শ্রমিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকার নিম্নতম মজুরি ঘোষণা করলেও জেলার অনেক হোটেল-রেস্তোরাঁয় তা এখনো কার্যকর হয়নি। শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করেও ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে ৮ ঘণ্টার পরিবর্তে অতিরিক্ত সময় কাজ করানো হলেও তার যথাযথ পারিশ্রমিক দেওয়া হয় না।

তারা বলেন, দ্রুত নিম্নতম মজুরি বাস্তবায়ন, ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিতকরণ, বছরে দুটি ঈদ বোনাস প্রদান এবং রমজানের আগে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে শ্রমিকদের লিখিত নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করে তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি ও হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা রবিউল আলম মিনু, হোটেল শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আ. জলিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, হোটেল শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গণেশ বিশ্বাস, সদস্য কুমারেশ, উজ্জ্বল হালদার, রাজ্জাক মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রমিক ইউনিয়নের মানববন্ধন,রাজবাড়ী,৫ দফা দাবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত