ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ী পৌর শহরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ী পৌর শহরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ী পৌর শহরের ব্যস্ত এলাকায় দিনদুপুরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জাহিদ হাসান ওই এলাকার মাহাতাব ফকীরের ছেলে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকার ভিপি ফরিদ সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাড়িতে খাবার খেয়ে তিনি বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একই সড়কের সাহেব আলী ওরফে মনোর দোকানে যান। সেখানে অবস্থানকালে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, প্রায় চার বছর আগে জাহিদ হাসান মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। এরপর থেকে তিনি এলাকায় অবস্থান করে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কুপিয়ে হত্যা,দিনদুপুরে,রাজবাড়ী পৌর শহর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত