
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ বিপ্লবের অঙ্গীকার বাস্তবায়নে এক ব্যতিক্রমী কর্মসূচি ঘোষণা করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক নির্দেশনায় তিনি প্রতি মাসে উপজেলায় মোট ৮ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।
এমপি বাবু তার ফেসবুক পেজের মাধ্যমে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, দলের প্রতি আনুগত্য ও দেশপ্রেম প্রমাণের অন্যতম মাধ্যম হবে এই বৃক্ষরোপণ কর্মসূচি।
তার নির্দেশনায় বলা হয়, সমগ্র উপজেলায় প্রতি মাসে ৮ হাজার গাছ রোপণ করতে হবে। প্রতিটি ইউনিয়নকে মাসে অন্তত ৭০০টি করে গাছ লাগাতে হবে। যে ইউনিয়ন এই কর্মসূচি পালনে প্রথম হবে এবং সঠিকভাবে লক্ষ্যমাত্রা পূরণ করবে, তাদের দলের প্রতি সবচাইতে নিবেদিত ও অনুগত হিসেবে বিবেচনা করা হবে।
ফেসবুক পোস্টে ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু উল্লেখ করেন, নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমের ফলেই আজ দল শক্তিশালী অবস্থানে।
তিনি বলেন, “আসুন শুরু করি। আমাদের পারতেই হবে কারণ এটা দেশনায়ক তারেক রহমানের অঙ্গীকার।”
তিনি আরও জানান, কেবল রাজনৈতিক কার্যক্রম নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়া বিএনপির রাজনীতির অন্যতম অংশ। এই কর্মসূচির মাধ্যমে তিনি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয়তা সরাসরি পর্যবেক্ষণ করবেন বলেও আভাস দিয়েছেন।
এমপি বাবুর এই ঘোষণার পর ঈশ্বরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ‘সবুজ ঈশ্বরগঞ্জ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন।