ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং

মুন্সীগঞ্জে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মুন্সীগঞ্জ সদরের মুন্সিরহাটে বিশেষ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা এবং পুলিশের একটি চৌকস দল সহায়তা প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালত চলাকালীন বাজারের মাংসের দোকান, মুদি দোকান, মুরগির বাজার ও ফলের দোকানে নিবিড় পর্যবেক্ষণ চালানো হয়।

অভিযানে দেখা যায়, কিছু বিক্রেতা ক্রয়মূল্যের তুলনায় অনেক বেশি দামে তরমুজ বিক্রি করছেন। ম্যাজিস্ট্রেট ওমর ফারুক অতিরিক্ত দামে তরমুজ বিক্রিতে নিরুৎসাহিত করেন এবং ক্রয়মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তাৎক্ষণিকভাবে তরমুজের যৌক্তিক দাম নির্ধারণ করে দেন। নির্ধারিত সেই মূল্যে উপস্থিত সাধারণ ক্রেতাদের মাঝে তরমুজ বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি ফলের দোকানগুলোতে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শনের কঠোর নির্দেশ দেওয়া হয়।

এসময় ক্রয়মূল্যের তুলনায় অত্যধিক দামে ফল বিক্রি করার অপরাধে একজন ফল ব্যবসায়ীকে কৃষি বিপণন আইনে অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয় এবং অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দণ্ডের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

​জেলা প্রশাসন সূত্র জানায়, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

মুন্সীগঞ্জ,দ্রব্যমূল্য,জেলা প্রশাসন,বাজার মনিটরিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত