
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে রাতের আঁধারে এক কৃষকের প্রায় এক বিঘা শসা ক্ষেত গোড়া থেকে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জমিতে গিয়ে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন কৃষক মোবারক হোসেন।
ভুক্তভোগী কৃষক মোবারক হোসেন উজিলাব এলাকার (ন্যাশনাল পোল্ট্রি সংলগ্ন) বাসিন্দা।
তিনি জানান, কয়েক মাসের পরিশ্রমে চাষ করা শসা ক্ষেত সবেমাত্র উৎপাদন শুরু করেছিল। ঠিক এমন সময়ে পুরো ক্ষেতের গাছের গোড়া কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে তার আনুমানিক প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
কৃষক মোবারক হোসেন বলেন, “আমি অনেক কষ্ট করে ধারদেনা করে এই শসা চাষ করেছি। ফলন আসতে শুরু করেছে এই সময়ে সব গাছ কেটে দিল। এখন আমি কীভাবে ঋণ শোধ করব? পরিবারের খরচই বা চলবে কীভাবে? যারা এটা করেছে, তারা আমার সর্বনাশ করে দিয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসীর মাঝেও চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা শাহজাহান সরকার বলেন, এটা কোনো সাধারণ দুষ্টুমি নয়, পরিকল্পিতভাবে গাছের গোড়া কেটে পুরো ক্ষেত নষ্ট করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কৃষকের কষ্টের ফসল নষ্ট করা মানে সমাজের ক্ষতি।
ঘটনার পর এলাকাবাসী জড়ো হয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে সান্ত্বনা দেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, কেউ অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।