ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গোয়ালন্দে ব্যানার টাঙিয়ে আ.লীগ অফিস অবমুক্তের ঘোষণা

গোয়ালন্দে ব্যানার টাঙিয়ে আ.লীগ অফিস অবমুক্তের ঘোষণা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থাপন করে অফিস অবমুক্তের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে গোয়ালন্দ উপজেলা শহরের বাজার এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি ব্যানার এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানোর একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ফুটেজে দেখা যায়, ভোররাতের অন্ধকারে কয়েকজন ব্যক্তি ব্যানার ও ছবি টাঙাচ্ছেন। এতে ধারণা করা হচ্ছে, গভীর রাতে এগুলো স্থাপন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে পুড়িয়ে দেওয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রশি দিয়ে ব্যানারটি ঝুলিয়ে রাখা হয়।

ব্যানারে লেখা ছিল— “গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পূর্ণ উদ্ধার করা হলো।” ব্যানারে আশরাফুল ইসলাম আশরাফের নাম উল্লেখ ছিল। আশরাফুল ইসলাম আশরাফ গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

কার্যালয়ের পাশের ব্যবসায়ীরা জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় সেখানে কোনো ব্যানার বা ছবি ছিল না। শনিবার সকাল ৭টার দিকে দোকান খুলতে এসে তারা ব্যানারটি ঝুলতে দেখেন।

এতে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে ব্যানারটি টাঙানো হয়েছে। তবে কিছু সময় পর ব্যানার ও ছবিগুলো আর সেখানে দেখা যায়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ব্যানার ও ছবিগুলো সরিয়ে ফেলা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনসংক্রান্ত একটি ব্যানার দেখা যায়।

এছাড়াও পাংশা আওয়ামী লীগ কার্যালয়েও উদ্বোধনসংক্রান্ত একটি ব্যানার দেখা যায়। সাম্প্রতিক এসব ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

অফিস অবমুক্তের ঘোষণা,আ.লীগ অফিস,গোয়ালন্দে ব্যানার টাঙিয়ে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত