
নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, দুর্গাপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিপিবি, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরবর্তীতে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সুন্দর হাতের লিখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন-এর সঞ্চালনায়, ইউএনও আফরোজা আফসানা-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন— সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্, ওসি মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা প্রমুখ।
আলোচকরা বলেন, মায়ের ভাষাকে রক্ষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা—সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ আরও কত অজানা শহীদ। তাদের আত্মত্যাগের ফলে আমরা ফিরে পেয়েছি আমাদের প্রাণের ভাষা বাংলা।
জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।
আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে আলোচনা সভা ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।