
রাজশাহীর পুঠিয়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় শক্তি সরদার (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলামিন (২৫) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
শক্তি সরদার পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বাল্য সরদারের ছেলে। আহত আলামিন একই উপজেলার তারাপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শক্তি সরদার রাস্তা পার হওয়ার সময় তারাপুর থেকে আসা পুঠিয়াগামী মোটরসাইকেল ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে পথচারী শক্তি সরদার ও মোটরসাইকেল চালক আলামিন গুরুতর আহত। স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক শক্তি সরদারকে মৃত ঘোষণা করেন। আর আলামিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।