
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য ফেলার প্রতিবাদে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে।
বুধবার সকালে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। পরে দূষণকারী কারখানার উদ্দেশ্যে লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জার্মান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন ফয়সাল বিশ্বাস, সাংবাদিক দিপক কুমার কর, এনজিও কর্মী রত্না রানী, যুবদল নেতা শামীম খন্দকার, শিপার আল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, বগুড়ার শেরপুর উপজেলার রাজাপুর ছোনকা এলাকায় অবস্থিত এসআর কেমিক্যাল নামে একটি শিল্পপ্রতিষ্ঠান পাইপলাইনের মাধ্যমে বিষাক্ত বর্জ্য ফুলজোড় নদীতে ফেলছে।
এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে প্রতিনিয়ত মাছ মরে ভেসে উঠছে এবং জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। সেই সঙ্গে নদীর প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ কারণে দ্রুত বিষাক্ত বর্জ্য নিঃসরণ বন্ধ, দূষণের উৎস তদন্ত এবং ফুলজোড় নদী রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।