
জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে সিরাজগঞ্জের বহুল আলোচিত অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর ঘটনায় মিজানুর আলীকে (৩৬) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মিজানুর আলী সিরাজগঞ্জ সদর উপজেলার চক শিয়ালকোল গ্রামের শাহাদত আলীর ছেলে।
সদর থানার ইন্সপেক্টর আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনগত গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ারবৈদনাথ এলাকায় ওই সিএনজি ফিলিং স্টেশনের ৩টি অ্যাডজাস্টম্যান মেশিন, ক্যাশ কাউন্টারসহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর করে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ব্যাপারে ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হামিদুল ইসলাম কিরণ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি উল্লেখ করা হয়েছে।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় সদর থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে এ মামলার তদন্তকারী অফিসার এসআই ইন্দ্রজিৎ বর্মন বিশেষ তদন্ত শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় অন্যান্যের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।