ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শালিসী বৈঠকে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে শালিসী বৈঠকে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের সলংগা থানার রশিদপুর গ্রামে ইভটিজিং ঘটনায় শালিসী বৈঠকে হামলা ও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত যুবক শাহ আলমের (৩০) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের কৃষক চাঁদ আলীর ছেলে। হাসপাতালে তার মৃত্যুর সংবাদে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সলংগা থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, একই এলাকার কাশিনাথপুর গ্রামের কতিপয় বখাটে যুবক রশিদপুর সড়ক মোড়ে প্রতিদিন আড্ডা দিত এবং তারা মেয়েদের উত্ত্যক্ত করত বলে অভিযোগ ওঠে। এ নিয়ে রশিদপুর গ্রামের মুরুব্বিরা তাদের একাধিকবার নিষেধ করেন। এতে তারা এ নিষেধ অমান্য করে চলে আসছিল।

অবশেষে এ বিষয়ে বৃহস্পতিবার রাতে রশিদপুরে শালিসী বৈঠক বসে। এ সময় কাশিনাথপুর গ্রামের কতিপয় মাতব্বরের নেতৃত্বে বখাটেরা রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এ সংঘর্ষে রশিদপুর গ্রামের বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

সেখানে শাহ আলমের অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার বিকেলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

শাহ আলমের মৃত্যুর সংবাদে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আহত যুবকের মৃত্যু,শালিসী বৈঠকে সংঘর্ষ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত