
রাজশাহী চারঘাটে ইসলামিক জলসার প্রধান অতিথি নির্বাচন করাকে কেন্দ্র করে এরশাদ আলী নামের এক বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা করেছে বিরোধী পক্ষের লোকজন।
শুক্রবার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর সিপাইপাড়ায় এ ঘটনা ঘটে।
এরশাদ আলী চারঘাট উপজেলার ইউসুফপুর সিপাইপাড়া এলাকার মৃত সৈদয় আলীর ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন এবং স্থানীয় এমপি আবু সাইদ চাঁদ-এর অনুসারী ছিলেন।
স্থানীয়রা জানান, জলসা ও মাহফিল করার উদ্দেশ্যে শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা গ্রামের মসজিদে বসেন। এ সময় জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন-কে প্রধান অতিথি করতে চায় এক পক্ষ।
অপরদিকে নিহত এরশাদসহ অন্যরা স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করতে চান। এ সময় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।
রাতে তারাবির নামাজ শেষে এরশাদ বাড়ি ফেরার পথে বিরোধী পক্ষের লোকজন তাকে মারধর করে ফেলে রেখে যায়। এ সময় স্থানীয় মুসল্লিরা আহত এরশাদকে চারঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চারঘাট থানার এসআই সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের আটকের বিষয়ে অভিযান অব্যাহত আছে।