ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রূপপুরে এনপিসিবিএল-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রূপপুরে এনপিসিবিএল-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

পাবনার ঈশ্বরদীর রূপপুর এলাকার স্থানীয় জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রূপপুর হাই স্কুল মাঠে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রূপপুর এলাকার ১৮২ জন নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। সেবাগ্রহীতাদের মধ্যে নারীর সংখ্যা ছিল বেশি। পাশাপাশি শিশু, প্রবীণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই ক্যাম্প থেকে চিকিৎসাসেবা নেন।

ডাক্তার মার্টিনের নেতৃত্বে চৌকস মেডিকেল টিম দ্বারা এই ক্যাম্পে ফ্রি কনসালটেন্সি, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপসহ নানা ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সকাল থেকেই আশেপাশের এলাকা থেকে আগত মানুষ চিকিৎসাসেবা নিতে ভিড় করেন।

চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। সভাপতিত্ব করেন এনপিসিবিএল-এর পিপিএস ও ডিসিএস এস এম মাহমুদ আরাফাত।

রূপপুর পারমাণবিকের মেডিকেল সেন্টারের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান ও উপ-ব্যবস্থাপক রবিউল হাসান ফ্রি মেডিকেল ক্যাম্পের সমন্বয় সাধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. জায়েদুল হাসান বলেন, রূপপুর প্রকল্পে আধুনিক মানের মেডিকেল সেন্টার স্থাপন করা হয়েছে, যেখানে প্রকল্পে কর্মরতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। এর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জন্যও বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনপিসিবিএল নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতি মাসেই অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্থানীয় জনগণের রোগ নির্ণয় ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার দরিদ্র মানুষ সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পাওয়ার সুযোগ পাচ্ছেন, যা তাদের জন্য অত্যন্ত সহায়ক।

সভাপতির বক্তব্যে এস এম মাহমুদ আরাফাত বলেন, মানুষের প্রতি দায়িত্ববোধ, মানিবকতা এবং সামাজিক দায়বদ্ধতার এক শক্তিশালী উদাহরণ। ড. জায়েদুল হাসান এর নেতৃত্বে এনপিসিবিএল-এর বর্তমান ব্যবস্থাপনা টিম ও চিকিৎসক দলের এমন জনহিতকর উদ্যোগ সর্বস্তরে প্রশংসিত হচ্ছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প,রূপপুরে এনপিসিবিএল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত