
রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নির্মিত ‘স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয়’ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (০১ মার্চ) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমূদ খৈয়ম, এমপি নবনির্মিত এ বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি শিশু পরিবারের শিশুরা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমূদ খৈয়ম বলেন, সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ‘স্বপ্নডানা’ বিদ্যালয় সেই দায়িত্ব পালনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি বলেন, “প্রতিবন্ধী শিশুদের জন্য এমন একটি মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এরপর ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।