ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজদিখানে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

সিরাজদিখানে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষিজমির উপরি স্তরের মাটি ব্যবহার করে ইট প্রস্তুতের অভিযোগে তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে মেসার্স খোশাল মাদবর ব্রিকস, মেসার্স সামাদ ব্রিকস এবং ইকোসিরামিক্স লিমিটেড ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতে কৃষিজমির উপরি স্তরের মাটি ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় শাস্তি দেওয়া হয়।

এতে খোশাল মাদবর ব্রিকসের ম্যানেজার বনি আমিনকে ২ লাখ টাকা, সামাদ ব্রিকসের ম্যানেজার লালনকে ২ লাখ টাকা এবং ইকোসিরামিক্স লিমিটেডের ম্যানেজার ইমতিয়াজ মামুনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি উপস্থিত ছিলেন।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন।

এছাড়া সিরাজদিখান থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স হালনাগাদ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং কৃষিজমির মাটি ব্যবহার বন্ধের নির্দেশ দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

সিরাজদিখান,ইটভাটা,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত