
পাবনার ঈশ্বরদীতে দাদীকে হত্যার পর নাতনীকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষী যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে পাবনা প্রেসক্লাব-এর সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাবনার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তারা ঈশ্বরদী উপজেলায় সংঘটিত এই হত্যা ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে গ্রেপ্তারকৃত মূল আসামি শরিফুল ইসলাম শরিফ-এর ফাঁসির দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শরিফুল ইসলাম শরিফের ফাঁসির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে দাদী সুফিয়া খাতুন এবং বাড়ির পাশে গমক্ষেত থেকে নাতনী জামিলা আক্তার সেতুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। সে ভবানিপুর উত্তরপাড়ার মফেজ্জল হোসেনের ছেলে। নিহত দাদি সুফিয়া বেগম সম্পর্কে গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম (৩০) এর আপন খালা।
গ্রেপ্তারের পর শরিফুলের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ।